মাগফেরাতের দশক চলছেঃ  অমরা মৃত মাতা-পিতার জন্য কি করব?


اِنَّ رَجُلًا قَالَ يَارَسُوْلَ اللَّهِ! مَا حَقُّ الْوَالِدَيْنِ عَلٰى وَلَدِهِمَا؟ قَالَ النَّبِىُّ صَلَّى اللّٰهُ عَلَيْهِ وَسَلَّمَ:هُمَا جَنَّتُكَ وَنَارُكَ . (رواه ان ماجة)
মাগফেরাতের দশক চলছে। মাগফেরাতের জন্য অর্থাৎ, ক্ষমা পাওয়ার জন্য বিশেষ ভাবে তওবা-এস্তেগফার করা প্রয়োজন। আমরা যারা দুনিয়াতে বেঁচে আছি , তাদের তওবা এস্তেগফর করার সুযোগ গরয়েছে,কিন্তু আমাদের মাতা-পিতা আপন জন যারা দুনিয়া থেকে চলে গেছেন, তারা তওবা করতে পারছেন না, তাদের মাগফেরাত বা ক্ষমা পাওয়ার জন্য আমরা কি করতে পারি? মুর্দাদের মাগফেরাত বা ক্ষমা অনেক সময় আটকে থাকে তাদের কিছু ইবাদত ইত্যাদি অনাদায়ী থাকার কারণে। যেমনঃ নামায অনাদায়ী রয়ে গেছে, রোযা অনাদায়ী রয়ে গেছে, হজ্জ ফরজ ছিল অনাদায়ী রয়েছে, ঋণ ছিল অনাদায়ী রয়েছে। এসব কারণে মুর্দাদের মাগফেরাত বা ক্ষমা মওকূফ হয়ে থাকে। তাই সন্তান হিসেবে আমাদের কর্তব্য যথা সাধ্য মাতা পিতার এসব অনাদায়ী এবাদত ইত্যাদি আদায়ের ব্যবস্থা করা। অনাদায়ী নামাযের জন্য ফেদইয়া দেয়ার বিধান রয়েছে। প্রত্যেক ওয়াক্ত নামাযের জন্য রমজানে বা ঈদের সময় আমরা যে ফিতরা দিয়ে থাকি এই এক ফিতরা পরিমাণ প্রতি ওয়াক্তের জন্য দিতে হবে। বিতর নামাযের জন্যও আলাদা ভাবে দিতে হবে। প্রতিটা রোযার জন্যও এই পরিমাণ দিতে হবে। যদি হজ্জ ফরজ হওয়ার পর আদায় না করে থাকেন, তাহলে তার বদলী হজ্জ করানোর ব্যবস্থা নিতে হবে। ঋণ আদায় করে না থাকলে তার পক্ষ থেকে ঋণ আদায় করে দিতে হবে। যদি মাতা-পিতা এসবের জন্য ওছীয়ত করে গিয়ে থাকেন তারা সম্পদও রেখে যেয়ে থকেন, তাহলেতো সন্তানের উপর ওয়াজিব হয়ে যায় এগুলি আদায় করা। আর যদি তারা ওছীয়ত না করে গিয়ে থকেন, তাহলে সন্তানের উপর আইনতঃ এগুলি আদায় করা ওয়াজিব হয় না। তবে সাধ্য থকলে এগুলি আদায় করা তাদের নৈতিক কর্তব্য।
মাতা-পিতা আমাদের জন্য কত কিছু করে গেছেন, তারা আমাদের জন্য কত কিছু রেখে গেছেন, তাদের জন্যই আমরা করব। আমাদের না করার কারণে যদি তাদের আযাব হতে থাকে বা তাদের মাগফেরাত আটকে থাকে, তাহলে সন্তান হিসেবে কিভাবে আমরা সেটা বরদাশত করতে পারি? তাই সম্পদের মায়া না করে মাতা-পিতার ইবাদত ইত্যাদি অনাদায়ী থাকলে সেসবের ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করা আমাদের নৈতিক কর্তব্য। মাতা-পিতার জন্য এভাবে করলে মাতা-পিতা কবরে থেকে তার ছওয়াব পেয়ে কবরে থেকে খুশী হবেন। মাতা-পিতা খুশী হলে জান্নাত হাসিল হবে। মাতা-পিতার খেদমতে জান্নাত, মাতা-পিতার খুশীতে জান্নাত। এর বিপরীত মাতা-পিতার খেদমত বর্জনে জাহান্নাম, মাতা-পিতার অখুশিতে জাহান্নাম। হাদীছের ঐ বাণীটি আমরা স্মরণ করি।
هُمَا جَنَّتُكَ وَنَارُكَ . (رواه ان ماجة)
অর্থাৎ, মাতা-পিতা তোমার জান্নাত বা জাহান্নামের ওছীলা। অর্থাৎ, তাদেরকে খুশী রাখলে, তাদের খেদমত করলে জান্নাত নতুবা জাহান্নাম। অল্লাহ পাক আমাদেরকে আমল করার তাওফীক দান করুন। আমীন!
(বয়ান ও খুতবা, প্রথম খন্ড, পৃঃ -৩১২)
 
Top