রমযানের দ্বিতীয় দশক চলছেঃ আল্লাহ পাক ক্ষমা করার জন্য প্রস্তুত


قَالَ رَسُوْلُ الّٰهِ صَلَّى الّٰهُ عَلَيْهِ وَسَلَّمَ : وَاَوْسَطُهٗ مَغْفِرَةٌ . اَلْحَدِيْثُ ـ (رواه ابن خزيمة)
রমযানের দ্বিতীয় দশক চলছে। এ হচ্ছে মাগফেরাতের দশক। আল্লাহ পাক এই দশকে বান্দাদের খুব বেশী পরিমাণে ক্ষমা করেন। আল্লাহ পাক ক্ষমা করার জন্য প্রস্তত। এই ক্ষমা পাওয়ার জন্য আমাদেরকে একটা কাজ করতে হবে। তা হল খাঁটি দিলে আল্লাহর
কাছে গোনাহের জন্য তওবা-এস্তেগফার করতে হবে। তওবা-এস্তেগফারের অর্থ আল্লাহর কাছে ফিরে আসা, আর ইস্তেগ্ফার অর্থ মাফ চাওয়া। অতএব তওবা-এস্তেগফারের অর্থ হল গোনাহের পথ থেকে ফিরে আসা এবং আল্লাহর কাছে মাফ চাওয়া। খাঁটি তওবা-এস্তেগফার হওয়ার জন্য চারটা কাজ হওয়া জরুরী।
এক নম্বরঃ জীবনে যত গোনাহ্ হয়েছে তার জন্য মনে মনে অনুতপ্ত হওয়া । গোনাহের জন্য যদি আমি মনে মনে অনুতপ্ত না হই, শুধু মুখে মুখে আল্লাহর কাছে ক্ষমা চাই তাহলে খাঁটি তওবা হবে না।
দুই নম্বরঃ ঐ গোনাহ্ এখনি ছেড়ে দিতে হবে। গোনাহ্ও করতে থাকব, গোনাহও ছাড়ব না আবার এস্তেগফারও করতে থাকব, তাহলে খাঁটি তওবা-এস্তেগফার হবে না।
তিন নম্বরঃ ঐ গোনাহ্ সামনে আর করব না- মনে মনে এরকম দৃঢ় প্রতিজ্ঞা নিতে হবে। মনে মনে পাক্কা এরাদা করতে হবে যে, এই গোনাহ্ ভবিষ্যতে আর করব না।
চার নাম্বারঃ  কোন বান্দার হক যদি অামি নষ্ট করে থাকি অর্থাৎ, কারও অর্থ যদি আত্মসাত করে থাকি, কারোর পাওনা সাধ্য থাকা স্বত্ত্বেও যদি না দিয়ে থাকি বা অন্য যেকোন  ভাবে বান্দার কোন হক যদি নষ্ট করে থাকি, তাহলে যথা সাধ্য সে হক আদায় করার চেষ্টা করতে হবে। অন্যায়  ভাবে কারও টাকা-পয়সা গ্রাস করে থাকলে যে কোন ভাবে হোক তার কাছে পৌঁছাতে হবে। তাকে না পেলে তার ওয়ারিছদের কাছে পৌঁছাতে হবে। ওয়ারিছদেরকেও না পেলে তার নামে সেই পরিমাণ অর্থ দান করে দিতে হবে। বান্দার হক বান্দা মাফ না করলে আল্লাহ পাক কখনো মাফ করবেন না। এই চারটা কাজ করার পরে আল্লাহর কাছে তওবা-এস্তেগফার হবে, তখন আল্লাহ পাক আমাকে ক্ষমা করবেন। রমজানের এই দশকে আল্লাহ্ পাক ক্ষমা করার জন্য প্রস্তুত, তবে আমাদেরকে ক্ষমা পাওয়ার জন্য খাঁটি দিলে তওবা-এস্তেগফার করতে হবে এবং তওবা-এস্তেগফারের জন্য এই চারটা কাজ করতে হবে। আল্লাহ পাক তাওফীক দান করুন। আমীন!
                                                                                       (বয়ান ও খুতবা, প্রথম খন্ড, পৃষ্ঠা-৩১১)
 
Top