
রমযানের
দ্বিতীয় (মাগফিরাতের)দশ দিন
রমযানের দ্বিতীয় ১০
(দশ) দিন শুরু হয়েছে। দ্বিতীয় দশক মাগফেরাতের দশক। আল্লাহ রাব্বুল আলামীন এই দশকে
বান্দাদেরকে বিশেষভাবে মাগফিরাত করবেন অর্থাৎ, ক্ষমা করবেন। ক্ষমার এই বিশেষ সুযোগ
পাওয়ার পরেও যদি আমরা আমাদের ক্ষমা করিয়ে নিতে না পারি, তাহলে রাসূল সাল্লাল্লাহু
আলাইহি ওয়া সাল্লাম-এর ভাষায় আমাদের ধ্বংস অনিবার্য। একদিন রাসূল সাল্লাল্লাহু
আলাইহি ওয়া সাল্লাম বয়ান করার জন্য মেম্বরে উঠছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি
ওয়া সাল্লাম-এর মেম্বরে তিনটা ধাপ ছিল। প্রথম ধাপে যখন উঠলেন, তখন বললেন আমিন!
আমীন অর্থ হে আল্লাহ কবূল কর। কোন কথার উপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম
আমীন আমীন বললেন সাহাবায়ে কেরাম (রাঃ) তা বুঝলেন না। দ্বিতীয় ধাপে উঠে বললেন,
আমীন! তৃতীয় ধাপে উঠেও বললেন, আমীন! বয়ান শেষে এক সাহাবী জিজ্ঞাসা করলেন ইয়া
রাসূলাল্লাহ! আপনি এমন একটা কথা বললেন যা কখনো শুনিনি এবং আমরা কখনো বুঝতেও পারিনি
? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ব্যাখ্যা করে বললেনঃ যখন আমি প্রথম ধাপে
উঠে ছিলাম, তখন জিব্রাঈল (আঃ) বলেছিলেনঃ
بَعُدَ مَنْ اَدْرَكَ رَمَضَانَ فَلَمْ يُغْفَرُ لَهٗ٬ قُلْتُ اٰمِيْن ـ
অর্থাৎ, ঐ ব্যক্তি ধ্বংস হোক! যে রমযান পেয়েও নিজের
ক্ষমা করিয়ে নিতে পারল না। আমি ঐ বদদোয়ার জবাবে বলেছি আমীন। দ্বিতীয় ধাপে যখন
উঠেছি তখন জিব্রাঈল (আঃ) বলেছেনঃ
بَعْدَ مَنْ ذُكِرْتَ عِنْدَهٗ فَلَمْ يُصَلِّ عَلَيْكَ٬ قُلْتُ اٰمِيْن ـ
অর্থাৎ,
ঐ ব্যক্তি ধ্বংস হোক যার সামনে আপনার নাম উল্লেখ হল আর সে দরূদ শরীফ পাঠ করল না,
আমি বলেছি আমীন।
এ জন্যই যখন রাসূল
সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর নাম আসে অর্থাৎ, রাসূল বা মুহাম্মদ এই শব্দ
গুলো আমাদের সামনে উল্লেখ হয়, তখন দূরূদ শরীফ পড়ে নিতে হয়। যেকোন দুরূদ শরীফ পাঠ
করে নিলে হয়। সবচেয়ে ছোট দূরূদ হল ‘‘সাল্লাল্লাহ আলাইহি ওয়া সাল্লাম’’। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর নাম
আসলে দুরূদ পড়া জরুরী। একবার দুরূদ পাঠ করলে আল্লাহ পাক দশটা রহমত নাযিল করেন। এত
বড় সুযোগ কেউ অবহেলায় ছেড়ে দিলে তার ধ্বংসই হওয়া দরকার এরপর রাসূল সাল্লাল্লাহু
আলাইহি ওয়া সাল্লাম বললেনঃ
তৃতীয় ধাপে আমি যখন উঠেছি, তখন জিব্রাঈল (আঃ) বলেছেনঃ
بَعُدَ مَنْ ادْرَكَ اَبَوَيْهِ الْكِبَرَ اَوْ اَحَدَهُمَا فَلَمْ يُدْخِلَاهُ الْجَنَّةَ ٬ قُلْتُ اٰمِيْن ـ رواه الحاكم
অর্থাৎ, যে মাতা-পিতা
উভয়কে কিংবা একজনকে বৃদ্ধ অবস্থায় পেল, আর তাদের খেদমত করে, তাদেরকে খুশি করে
জান্নাত লাভ করে নিতে পারল না সেও ধ্বংস হোক! আমি এই বদ-দুআর জবাবেও বলেছি আমীন।
বোঝা গেল মাতা-পিতার খেদমত করে তাদেরকে খুশি করা জান্নাতে যাওয়ার একটা বড় উপায়।যাদের
মাতা-পিতা জিন্দা আছেন তাদের পক্ষে মাতা-পিতার খেদমত করার সুযোগ রয়ে গেছে। যাদের
মাতা-পিতা দুনিয়াতে নেই – দুনিয়া থেকে চলে গেছেন, তাদের পক্ষে মাতা-পিতার
খেদমত করা এবং তাদেরকে খুশি করার উপায় হলঃ
এক
নম্বরঃ মাতা-পিতার জন্য দান-সদকা করা, ইবাদত-বন্দেগী
করে তার ছওয়াব তাদের কাছে পৌঁছে দেয়া। আর মাতা-পিতার কোন অনাদায়ী ইবাদত থাকলে
সেগুলোর ফেদিয়া বা ফিতরা আদায় করে দেয়া। হজ্জ অনাদায়ী থাকলে বদলী হজ্জ আদায় করানো।
ঋণ অনাদায়ী থাকলে সে ঋণ পরিশোধ করা। এগুলোর মাধ্যমেও মাতা-পিতাকে খুশি করা যায়।
কারণ তারা এর কারণে যদি কষ্টে থাকেন আর তাদের জন্য এ সব ছওয়াবের ব্যবস্থা করা হয়,
তাহলে আল্লাহ পাক যখন তাদেরকে জানিয়ে দিবেন যে, তোমার অমুকে তোমার জন্য এই কাজটুকু
করেছে, তখন তারা খুশি হয়ে যাবেন।
দুই
নম্বরঃ মৃত মাতা –পিতাকে খুশী করার
আরেকটা উপায় হল তাদের বন্ধু-বান্ধব এবং অাপন জন যারা দুনিয়াতে বেঁচে আছেন তাদের
সাথে ভাল ব্যবহার করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হযরত খাদীজা (রাঃ)- এর
ইন্তেকালের পর তার সখী এবং বান্ধবীদের কাছে হাদিয়া-তোহফা পাঠাতেন। খাদীজার জন্যই
তিনি এটা করতেন। এভাবে মৃত মাতা-পিতার খেদমত এবং
তাদেরকে খুশী করার ব্যবস্থা আমরা নিতে পারি। আল্লহ পাক আমাদেরকে আমল করার
তাওফীক দান করুন। আমীন!