রমজান মাসের প্রথম ১০ (দশ) দিন


রমজান মাসের প্রথম ১০ (দশ) দিন হল রহমতের দশক। আল্লাহ রাব্বুর আলামীন এই দশকে বান্দাদের প্রতি বিশেষ  রহমত দান করে থাকেন। তাই আল্লাহর কাছে বেশী বেশী করে রহমত বা আল্লাহর দয়া চাইতে হবে। জীবিতদের জন্যেও রহমত কামনা করতে হবে। শুধু মুখে কামনা করা নয় আল্লাহর রহমত পাওয়ার ওছীলও গ্রহণ করতে হবে। রহমত পাওয়ার একটা বিশেষ ওছীলা হল যা কুরআন শরীফের এক আয়াতে বলা হয়েছেঃ
اِنَّ رَحْمَةَ اللّٰهِ قَرِيْبٌ مِّنَ الْمُحْسِنِيْنَ -                                                          
(সূরা অ‘রাফঃ ৫৬)
অর্থাৎ, আল্লাহর রহমত ঐসব লোকদের নিকটবর্তী যারা নেক কাজ করে।
এ আয়াত থেকে বোঝা যায়-বেশী বেশী আল্লাহর রহমত পেতে হলে বেশী বেশী নেক কাজ করতে হবে। রমজান মাস, এটাতো নেক কাজেরই মাস। নেক কাজের পথে সবচেয়ে বড় বাঁধা হল শয়তান। এমাসে আল্লাহ পাক শয়তানকে বেঁধে রাখেন, যাতে সে মানুষকে ওয়াছওয়াছা দিয়ে নেক কাজ থেকে দূরে সরাতে না পারে, আল্লাহ পাক আমাদের জন্য নেক কাজ করার সুযোগ করে দিয়েছেন। সাথে সাথে এ মাসে একটা ফরজকে আল্লাহ পাক ৭০ টা ফরজের সমতুল্য করে দিয়েছেন। এত বেশী নেক কাজের সুযোগ এবং এত বেশী ছওয়াবের সুযোগ আল্লাহ করে দিয়েছেন, যাতে মানুষ বেশী বেশী নেক কাজ করে আল্লাহর রহমত পেতে পারে। আল্লাহর রহমত বা আল্লাহর দয়া পাওয়ার জন্য আমাদেরকে আরও একটা কাজ করতে হবে যা এক হাদীছে বলা হয়েছেঃ
اِرْحَمُوْا مَنْ فِى الْاَرْضِ يَرْ حَمْكُمْ مَّنْ فِى السَّمَآءِ-  ( ابو داؤد والترمذ ى )   
অর্থাৎ, তোমরা দুনিয়া বাসীদের প্রতি দয়া কর, তাহলে আসমান বাসী – আল্লাহ পাকও তোমাদের প্রতি দয়া করবেন।
এ হাদীস থেকে বোঝা গেল- আল্লাহর রহমত বা দয়া পাওয়ার জন্য আল্লাহর সৃষ্টির উপর দয়া করতে হবে। তাই মানুষ এবং অন্যান্য সৃষ্টি জীবের প্রতি দয়া করাও আল্লাহর রহমত বা দয়া পাওয়ার একটা বিশেষ উপায়। ইসলাম অবলা প্রাণীর প্রতি দয়ার করার বিধান রেখেছে। অবলা প্রাণীর প্রতি জুলুম করা পাপ। আল্লাহ পাক আমাদেরকে আমল করার তাওফীক দান করুন।আমীন!
                                                                                                               (বয়ান ও খুতবা পৃ -৩০৩) 
 
Top