মাগফেরাতের ১০ দিনঃ মুর্দাদের জন্যে মাগফেরাত কি ভাবে হবে?


قَالَ النَّبِىُّ صَلَّى اللّٰهُ عَلَيْهِ وَسَلَّمَ : مَا مِنْ عَبْدٍ قَالَ لَآ اِلٰهَ اِلَّا اللّٰهُ ثُمَّ مَاتَ عَلٰى ذَالِكَ اِلَّا دَخَلَ الْجَنَّةَ. (مسلم)
রমযানের দ্বিতীয় দশক হল মাগফেরাতের দশক। তবে এক হাদীছের বর্ণনা অনুযায়ী পূর্ণ রমজান মাসেই আল্লাহ পাক বান্দাদেরকে বেশী বেশী ক্ষমা পাওয়ার এই ব্যাপক সুযোগ থাকা স্বত্ত্বেও যদি কেউ নিজের মাগফেরাত করিয়ে নিতে না পারে, তাহলে হাদীছের ভাষ্য অনুযায়ী সে হতভাগা। তাই আমাদের জন্যেও মাগফেরাতের ব্যবস্থা করিয়ে নিতে হবে। মুর্দাদের জন্যেও মাগফেরাতের ব্যবস্থা করিয়ে নিতে হবে। নিজেদের মাগফেরাত হবে তওবা-এস্তেগফারের মাধ্যমে। আর মুর্দাদের মাগফেরাত কি ভাবে হবে সে সম্পর্কে আরও একটি বিশেষ আমল কিতাবে পাওয়া যায়। শায়খ আবূ কুরতুবী (রহঃ) বলেন যে, আমি শুনেছি কেউ যদি ৭০ হাজার বার
لَآ اِلٰهَ اِلَّا اللّٰهُ
(লাইলাহা ইল্লাল্লাহ) পাঠ করে, তাহলে তার কবরের আযাব মওকুফ হয়ে যায়। আর কবরের আযাব মওকূফ হলে পরবর্তীতে হাশরের এবং জাহান্নামের আযাবও মওকূফ হওয়ার আশা করা যায়। শায়খ আবূ কুরতুবী (রহঃ) বলেনঃ আমি এটা শোনার পর এই কালেমার কয়েকটা নেছাব অর্থাৎ, কয়েক ৭০ হাজার বার পড়ে রাখলাম। একদিন একটা ঘটনা ঘটল- একজন যুবক যার সম্পর্কে প্রসিদ্ধ ছিল যে, সে কাশফের অধিকারী। কাশফ বুযুরগানে দ্বীনের একটা বিশেষ অবস্থাকে বলে। তারা অন্তর চক্ষু দিয়ে গায়েবের অর্থাৎ, অদৃশ্যের অনেক কিছু দেখতে পান। অদৃশ্য তাদের সামনে খুলে যায়। এই অবস্থাকে বলা হয় কাশফ। ঐ কাশফের অধিকারী সেই যুবক এক মজলিসের ভিতরে হটাৎ চিৎকার দিয়ে উঠল যে, আমার মায়ের কবরে আযাব হচ্ছে। তখন আমি ঐ কালেমার যে কয়েকটা নেছাব পাঠ করে রেখেছিলাম, মনে মনে তার একটা নেছাব যুবকের মায়ের উদ্দেশ্যে ছদকা করে দিলাম। ইতিমধ্যে যুবক খুশীতে ভরে উঠল এবং বলল যে, আমার মায়ের কবরের আযাব মাওকূফ হয়ে গেছে। শায়খ আবূ কুরতুবী (রহঃ) বলেনঃ এর দ্বারা প্রমাণিত হল  যে, আমি যেটা শুনেছিলাম ৭০ হাজার বার কালেমা পাঠ করলে কবরের আযাব মাওকূফ হয়ে যায়-এটা সত্য। যদিও তিনি এই কথাটা কার কাছ থেকে শুনেছেন, তিনি কার কাছ থেকে  শুনেছেন – এভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পর‌্যন্ত সনদ পাওয়া যায় না। সনদ পাওয়া গেলে আমরা এটাকে হাদীছ বলে দিতে পারতাম। তাই যদিও এটাকে হাদীছ বলে দেয়া যাচ্ছে না, তারপরও প্রমাণ পাওয়া গেল যে, এ আমলটার ফায়দা রয়েছে। তাই আমরা নিজেদের জন্য, আমাদের মাতা-পিতা এবং  আপন জন যারা দুনিয়া ছেড়ে চলে গেছেন তাদের জন্য এক এক নেছাব পাঠ করে রাখতে পারি। বেশীও পাঠ করে রাখতে পারি। যদি আমার এই আমলের দ্বারা তার ক্ষমা হয়ে যায়, তাহলে এটাই হবে আমার পক্ষ থেকে তার সব চেয়ে বড় পাওয়া। এটাই হবে সেই মুর্দাদের মাগফেরাতের একটা সহজ উপায় অথচ বড় ব্যবস্থা। নাজাতের ব্যাপারে লাইলাহা ইল্লাল্লাহ্-র যে বড় ভূমিকা রয়েছে তা একটা হাদীছ থেকেও জানা যায়। রাসূল (সাঃ) বলেছেনঃ
مَا مِنْ عَبْدٍ قَالَ لَآ اِلٰهَ اِلَّا اللّٰهُ ثُمَّ مَاتَ عَلٰى ذَالِكَ اِلَّا دَخَلَ الْجَنَّةَ. (مسلم)
অর্থাৎ, যে ব্যক্তি লাইলাহা বলবে, সে জান্নাতে যাবে। যদিও এ হাদীছের বহু ব্যাখ্যা রয়েছে, তবুও মুখে পর‌্যাপ্ত বার পাঠ করলে জান্নাতে যাওয়া যাবে এমন ব্যাখ্যা হওয়াটাও খুব দূরের নয়। ৭০ হাজার বার পাঠ করা অনেক বারের মধ্যে পড়ে। তাই ৭০ হাজার বার পাঠের উপরোক্ত ফজীলত এ হাদীছের কাছাকাছিই মনে হয়। আল্লাহ পাক আমাদেরকে আমল করার তাওফীক দান করুন। আমীন!
                                                                                                              (বয়ান ও খুদবা, প্রথম খন্ড, পৃঃ ৩১৩)
 
Top